৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২১

বরিশালে তারেক রহমানের জনসভায় যোগ দিতে ভোলা থেকে লঞ্চে ২০ হাজার নেতাকর্মীর যাত্রা

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল জনসভায় যোগ দিতে ভোলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী লঞ্চযোগে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোর থেকেই ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দীর্ঘ দুই দশক পর সরাসরি তারেক রহমানকে সামনে থেকে দেখার প্রত্যাশা নিয়ে ভোর থেকেই নেতাকর্মীরা বরিশালের পথে যাত্রা শুরু করেন। ভেদুরিয়া লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, হাজার হাজার নেতাকর্মীর ঢল নেমেছে। বরিশাল রুটের অন্তত ১০টি লঞ্চ একত্রিত হয়ে ভোলা সদর থেকে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীরের নেতৃত্বে বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়।

ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, অনেক নেতাকর্মী নিজ উদ্যোগেই জনসভায় যোগ দিতে আগেই রওনা হয়েছেন। তবে দলীয় ব্যবস্থাপনায় ৭টি লঞ্চ ও ৩টি ট্রলার প্রস্তুত রাখা হয়েছিল। এসব লঞ্চে করে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকালেই রওনা হয়ে ইতোমধ্যে বরিশালের কাছাকাছি পৌঁছেছেন।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সাতটি উপজেলা থেকে অন্তত ২০ হাজার নেতাকর্মী জনসভায় অংশ নিতে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেছেন।

এদিকে একদিন আগেই, মঙ্গলবার বরিশালে পৌঁছান ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. হাফিজ ইব্রাহিম এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।

এছাড়াও ভোলা-১ আসনের ঐক্যজোট থেকে বিএনপির মনোনীত ‘গরুর গাড়ি’ প্রতীকের প্রার্থী আন্দালিব রহমান পার্থ তার দলের কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আগেই বরিশালে গেছেন। তিনিও আজ তারেক রহমানের জনসভায় বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে অংশ নেবেন।

জেলার বিভিন্ন উপজেলা থেকে অনেক নেতাকর্মী একদিন আগেই ব্যক্তিগত উদ্যোগে বরিশাল পৌঁছান। মঙ্গলবার মধ্যরাত থেকেই কয়েকটি লঞ্চ নেতাকর্মী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। চরফ্যাশনের ঘোষেরহাট থেকে দুটি লঞ্চে করে ওই উপজেলার নেতাকর্মীরা মধ্যরাতে রওনা হন। সভা শেষে একই লঞ্চে তারা ভোলায় ফিরে আসবেন। লালমোহন উপজেলা থেকেও দুটি লঞ্চে নেতাকর্মীরা বরিশাল গেছেন। বিচ্ছিন্ন উপজেলা মনপুরা থেকেও নেতাকর্মীরা একদিন আগেই বরিশালে পৌঁছান।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা সফল করতে ভোলা থেকে দলে দলে নেতাকর্মীরা বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অনেকেই দলীয়ভাবে, আবার অনেকেই ব্যক্তিগত উদ্যোগে যাচ্ছেন। সভা শেষে সবাই নিজ নিজ এলাকায় ফিরে গিয়ে নির্বাচনি কার্যক্রমে অংশ নেবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo