মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল ফি নির্ধারণ, বেশি নিলে ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৬, ১৩:২৩ অপরাহ্ণ
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি সর্বোচ্চ আট হাজার টাকা নির্ধারণ করে দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত এই টাকার অতিরিক্ত কোনো ফি দেওয়া বা নেওয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জানানো হয়, মেডিক্যাল ফি বাবদ কোনোভাবেই আট হাজার টাকার বেশি দেওয়া যাবে না। একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার জন্য কর্মী ভাইদের কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দিয়ে সতর্ক করা হয়েছে। এছাড়া স্পষ্ট করে জানানো হয়েছে, মাইগ্রামস স্লিপের জন্য কোনো ফি লাগবে না।
মন্ত্রণালয়ের নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো মেডিক্যাল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে এককভাবে কাজ করতে পারবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনো পছন্দসই মেডিক্যাল সেন্টারে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
রেজিস্ট্রেশন বা এজেন্সির পরিবর্তন সংক্রান্ত জটিলতা নিরসনেও কঠোর বার্তা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, কোনো এজেন্সি মেডিকেল স্লিপ ইস্যু করার পর কর্মী যদি অন্য কোনো এজেন্সির মাধ্যমে যাওয়ার সিদ্ধান্ত নেন, তবে আগের এজেন্সিকে কোনো বিলম্ব না করে দ্রুত মেডিক্যাল রিপোর্ট পাঠিয়ে দিতে হবে। এ বিষয়ে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো অজুহাত বা আপত্তি গ্রহণযোগ্য হবে না।
মেডিক্যাল সেন্টারগুলোর অসাধু তৎপরতা ও অনিয়ম রোধে কঠোর নজরদারির ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। জানানো হয়েছে, কোনো মেডিক্যাল সেন্টার নির্ধারিত আট হাজার টাকার বেশি দাবি করলে বা কর্মী পাঠানো নিয়ে কোনো ধরনের হয়রানি ও তালবাহানা করলে তা সরাসরি ইমেইলে (secretary@probashi.gov.bd) মন্ত্রণালয়কে জানাতে হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিয়মিত মেডিক্যাল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর ও পরীক্ষা করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মানসম্পন্ন, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক উপায়ে বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করতে মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি এবং মেডিক্যাল সেন্টারগুলোকে এই নির্দেশনাবলী যথাযথভাবে মেনে চলার আহবান জানিয়েছে সরকার।