বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশ ও ট্রেড লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬, ১৬:৩১ অপরাহ্ণ
বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশ ও ট্রেড লাইসেন্স না থাকায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা ও বৈধ ট্রেড লাইসেন্স না থাকায় পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও ব্যবসা পরিচালনার দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো—মায়ের দোয়া হোটেল, শেফা হোটেল এবং মিজান সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট।

এ ছাড়া বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’-এর ৯২(৩) ধারায় আরও দুটি প্রতিষ্ঠানকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে যেসব ব্যবসায়ী ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তাঁদের কঠোরভাবে সতর্ক করা হয়। একই সঙ্গে দ্রুত লাইসেন্স নবায়নের নির্দেশ দেওয়া হয়।