বরিশালের রাজাপুরে ভূমি কর্মকর্তা বরখাস্ত : দুই কর্মচারীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬, ২৩:৩২ অপরাহ্ণ
বরিশালের রাজাপুরে ভূমি কর্মকর্তা বরখাস্ত : দুই কর্মচারীকে শোকজ

রাইজিং ডেক্সঃ

বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ আকস্মিক পরিদর্শনে গিয়ে নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত ও কার্যালয় তালাবদ্ধ পাওয়ায় ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ওই অফিসের অপর দুই কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় বরিশাল বিভাগীয় কমিশনার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় উপ-সহকারী কর্মকর্তাসহ কাউকে অফিসে পাওয়া যায়নি এবং অফিসটি তালাবদ্ধ ছিল।
পরে স্থানীয় নৈশপ্রহরী সাড়ে ৯টায় এসে অফিসের তালা খুলে দেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার অফিসের পার্শ্ববর্তী স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পাশের একটি মুদি দোকানের কর্মচারীর সঙ্গে কথা বলেন।স্থানীয়রা জানান, ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে অফিসে আসেন না। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং কার্যালয় তালাবদ্ধ রাখার অভিযোগে মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।পাশাপাশি তার বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বরিশাল বিভাগীয় কমিশনার।এ ছাড়া নির্ধারিত সময়ে অনুপস্থিত থাকায় ওই অফিসের অপর দুই কর্মচারী অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত না থাকার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, কাউকে না জানিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম দেখতে সকাল ৯টায় সেখানে পরিদর্শনে যাই। অফিস প্রধান হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের এ ধরনের অনুপস্থিতি দায়িত্ব পালনে চরম অবহেলার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, নির্ধারিত কর্মসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার বিষয়টি গুরুতর অপরাধ। তাই ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া একই অফিসে কর্মরত অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে তিন কার্যদিবসের মধ্যে উপস্থিত না থাকার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঝালকাঠির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

বিভাগীয় কমিশনার জানান, সরকারি অফিসগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা হবে। এ ধরনের নজরদারি বাড়লে সরকারি অফিসে যথাসময়ে উপস্থিতি বাড়বে এবং সেবাপ্রার্থীরা ভোগান্তি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পাবেন।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম জানান, বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। এ সময় উপ-সহকারী কর্মকর্তাসহ কাউকে অফিসে পাওয়া যায়নি এবং অফিসটি তালাবন্ধ ছিল। যথাসময়ে কর্মস্থলে অনুপস্থিতি সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলা প্রমাণ করে। এ কারণে ইউনিয়ন ভূমি (উপ-সহকারী) কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করার জন্য ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে সুপারিশসহ পত্র পাঠানো হয়। মঙ্গলবার বিকেলেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়।