৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১৫

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বাউফলে বিএনপি প্রার্থীকে শোকজ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীকে মো. সহিদুল আলম তালুকদারকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে শোকজ করে।

রোববার (১ ফেব্রুয়ারি) জেলার সিভিল জজ পটুয়াখালী-২ (বাউফল) এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. খালিদ হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে নোটিশটি দ্রুত জারি ও কার্যকর করার জন্য বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুসন্ধান কমিটির নোটিশে উল্লেখ করা হয়, গত ২০ জানুয়ারি বাউফল এলাকায় প্রকাশ্যে আয়োজিত একটি দোয়া ও মিলাদ অনুষ্ঠানে সহিদুল আলম তালুকদার প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থী ড. মো. শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ্য করে উসকানিমূলক বক্তব্য দেন, যা নির্বাচনি পরিবেশকে উত্তপ্ত করার আশঙ্কা সৃষ্টি করে। একই ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারি ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়নের হাজীর হাট বাজারে অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে তিনি প্রকাশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উদ্দেশ্য করে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, গত ৩০ জানুয়ারি বাউফল উপজেলার হোসনাবাদ এলাকার ১ নম্বর ওয়ার্ডে সহিদুল আলম তালুকদারের নেতাকর্মীরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। একই সঙ্গে তার সমর্থকরা এলাকায় মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে অবস্থান নিলে হত্যা ও বাড়িঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এসব কর্মকাণ্ড নির্বাচনি আচরণবিধির গুরুতর লঙ্ঘন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সহিদুল আলম তালুকদারকে আগামী ৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় পটুয়াখালীর মির্জাগঞ্জে অবস্থিত সিভিল জজ আদালতে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা প্রদান না করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণসহ বিষয়টি নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে প্রেরণ করা হবে বলে নোটিশে বলা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo