৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৪৬

‘পেটে ভাত না জুটলে দিবস দিয়ে কী করমু?’

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১০ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পঞ্জিকার পাতায় আজ ১ মে, মহান মে দিবস। বিশ্বজুড়ে যখন শ্রমিকের অধিকার ও মর্যাদার জয়গান গাওয়া হচ্ছে, তখন সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানকাটা শ্রমিকদের জীবনে এর কোনো প্রতিফলন নেই। জীবন ও জীবিকার কঠিন বাস্তবতায় এই বিশেষ দিনটিতেও মাঠেই ঘাম ঝরাচ্ছেন তারা। তাদের কাছে মে দিবস মানে ছুটি নয়, বরং পরিবারের মুখে অন্ন জোগানোর আরও একটি কর্মব্যস্ত দিন।

শুক্রবার (১ মে) ভোরে সূর্য ওঠার আগেই রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে শত শত শ্রমিকের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। বোরো ধান কাটার এই ভরা মৌসুমে জমির মালিকদের সঙ্গে শ্রমিকদের চলে মজুরির দরদাম। শুধু রায়গঞ্জ নয়, আশপাশের বিভিন্ন উপজেলা থেকে আসা গৃহস্থরাও এখানে ভিড় জমান ধানকাটার লোক সংগ্রহ করতে।

ধানকাটা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এটিই তাদের বছরের প্রধান উপার্জনের সময়। সামনেই বর্ষা মৌসুম শুরু হবে, তখন কাজ কমে যাওয়ার শঙ্কা থাকে। তাই বৈশাখের এই দিনগুলোতে এক মুহূর্তও বসে থাকার সুযোগ নেই তাদের। তাদের কাছে মে দিবসের তাৎপর্যের চেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে আগাম বৃষ্টির আগে মাঠের পাকা ধান ঘরে তোলা।

মাঠে কর্মরত একাধিক শ্রমিক জানান, মে দিবস বা অন্য কোনো ছুটির দিন তাদের ভাগ্যের পরিবর্তন ঘটায় না। একবেলা কাজ না করলে ঘরে উনুন জ্বলে না অনেকের।

তাদের ভাষায়, দিবস দিয়া তো পেট ভরব না। আমরা কামলা মানুষ, কাম না করলে খামু কী? দিবস আমাগো খাবার জোগাবে না, তাই কাজই আমাগো আসল।
রায়গঞ্জের দিগন্তজোড়া ফসলের মাঠে যখন শ্রমিকদের ঘাম ঝরছে, তখন তাদের কাছে মে দিবস মানে কেবলই রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে কাজ করে যাওয়া। অধিকার বা ছুটির চেয়ে এক মুঠো ভাতের নিশ্চয়তাই এই শ্রমজীবী মানুষের কাছে বড় বাস্তবতা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo