৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১০

বরিশালে জাটকাবিরোধী অভিযানে হামলা; আহত মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারী

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৮ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জাটকাবিরোধী অভিযানে যাওয়ার সময় হামলার শিকার হয়েছেন মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা সদরের পুরাতন স্টিমারঘাট সংলগ্ন বালুমহাল স্টেডিয়ামের কাছে এ হামলা হয়।

খবর পেয়ে মৎস্য দপ্তরের অভিযানিক দলের অন্য কর্মকর্তারা রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয়দের সহায়তায় মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা মৎস্য অধিদপ্তরের অভিযানিক দলের ব্যবহৃত একটি মোটরসাইকেল ব্যাপক ভাঙচুর করেছে।

হাসপাতালে চিকিৎসাধীন মেহেন্দীগঞ্জ মৎস্য অধিদপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজিম উদ্দিন জানান, রাতে স্পিডবোট নিয়ে নদীতে জাটকাবিরোধী অভিযান পরিচালনার জন্য তাদের একটি দল স্টিমার ঘাট এলাকায় অবস্থান করছিলেন। তারা ওই দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য মোটরসাইকেলযোগে স্টিমার ঘাটের উদ্দেশে যাচ্ছিলেন।

পথে তারা বালুমহাল স্টেডিয়ামের সন্নিকটে পৌঁছলে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে স্থানীয় মোহাম্মদ হোসেন গাজি, আলমগীর সর্দার ও জহির মাতুব্বরের নির্দেশে তাদের ২০/২৫ জন সহযোগী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে হামলা চালায়।

হামলায় তারা তিনজন রক্তাক্ত জখম হয়েছেন। তিনি আরও জানান, উল্লিখিত ব্যক্তিদের হুকুমে তাদের সহযোগী মোস্তফা আকন, কবির হোসেন, সবুজ ব্যাপারী, শহিদ ব্যাপারী, সাইফুল মুন্সী, মান্নান ফকির, জসিম সর্দার, রবিউল মুন্সী, জামাল চৌকিদার, সুমন সর্দার, জহির মাতব্বরসহ তাদের ২০/২৫ জন সহযোগী এ হামলা চালিয়েছে। এসময় তাদের (নাজিম উদ্দিন) ব্যবহৃত মোটরসাইকেলটি ব্যাপক ভাঙচুর করা হয়।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিন উদ্দিন জানান, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, হামলার ঘটনার মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করা হবে। এদিকে মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে মোহাম্মদ হোসেন গাজি, আলমগীর সর্দার ও জহির মাতুব্বরের নির্দেশে মৎস্য অধিদপ্তরের তিনটি স্পিডবোটের পাওয়ার ক্যাবল কেটে দিয়ে তিন লাখ টাকার ক্ষতি সাধন করা হয়েছিল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo