৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:০৭

মধ্যরাতে ববি ছাত্রদলের ৬ জনকে আটক, জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিল সেনাবাহিনী

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৮ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক নম্বর গেট সংলগ্ন বরিশাল -ভোলা মহাসড়ক থেকে মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৫-৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। পরে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয় ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সংলগ্ন ভোলা রোডে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ছাত্রদল নেতাকর্মীরা বরিশাল ভোলা মহাসড়ক অবরোধ করে। ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সম্মুখ থেকে বিনা কারনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলে নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজি ও ট্রাক আটকে হয়রানি এবং মহাসড়কে চাঁদাবাজির অভিযোগ তুলে স্থানীয়রা সেনাবাহিনীর কাছে অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনী মধ্যরাতে বরিশাল-ভোলা মহাসড়ক ও ঢাকা-কুয়াকাটা মহাসড়কে তৎপরতা বাড়ায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ভোলা রোডে কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সতর্ক করে ছেড়ে দেয়া হয়।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সেনাবাহিনী মধ্যরাতে তালুকদার মার্কেট এলাকায় মোটরসাইকেলসহ ৫-৬ জনকে দেখতে পেয়ে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়েও দেওয়া হয়েছে বলে শুনেছি। স্থানীয়দের পক্ষ থেকে কিছু অভিযোগ ছিল বলে সেনাবাহিনী জানিয়েছে।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, শিক্ষার্থীদের এভাবে রাতে তুলে নিয়ে যাওয়া এটা তো শেখ হাসিনার আমলের মতো কাজ শুরু করছে তারা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি ছাড়া একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুলে নিয়ে যেতে তারা পারে না।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. মোশাররফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এরিয়া চায়ের দোকান থেকে শিক্ষার্থীদের তুলে নিয়ে সেনাবাহিনী হয়রানি করেছে। আমরা জানিও না তাদেরকে কেন তুলে নিয়ে হয়রানি করা হলো। বিশ্ববিদ্যালয় প্রক্টর-ভিসিকে বিষয়টি জানিয়েছি তারা প্রশাসনের সাথে কথা বলে বিষয়টি দেখবেন জানিয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo