

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মেহেরপুরের গাংনীতে দেড় লক্ষ টাকা চাঁদার দাবিতে দুটি বোমা সাদৃশ বস্তু রেখে প্রবাসীর পরিবারকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার কাথুলী ইউনিয়নের সহগোলপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিঠুনের বাড়ির পাশ থেকে বোমা সাদৃশ দুটি বস্তু ও চাঁদা দাবির চিরকুট উদ্ধার করে পুলিশ। প্রবাসী মিঠুন সহগোলপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে। এ ঘটনায় মিঠুনের পরিবারসহ এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
চিরকুটে লেখা রয়েছে, ‘শ্রদ্ধেয় মামা, সালাম নিবেন আশা করি ভালোই আছেন। বিল্ডিং অনেক সুন্দর হয়েছে, অনেক টাকা খরচ তাই না? এলাকার বড় ভাইদের মিষ্টি দিলেন না, তাই আমরা স্পেশাল মিষ্টি পাঠালাম আমাদের মিষ্টি খাওয়ার জন্য এই নম্বরে (০১৯৩৬-০২৪***) নগদ ১ লাখ ৫০ হাজার টাকা পাঠিয়ে দিবেন, না দিলে ছেলে ও বিল্ডিং দুইটাই হারাবেন। নগদ বা বিকাশে টাকা না দিতে পারেন তাহলে নারগিসের বাথরুমের পেছনে ২টা ৪৮ মিনিটের সময় রেখে আসবেন।’
সিঙ্গাপুর প্রবাসী মিঠুনের চাচাতো ভাই নাজমুল জানান, তাদের নির্মানাধীন বাড়ির পাশে একটি মিষ্টির প্যাকেটে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। চিরকুটে দেড়লাখ টাকা মিষ্টি খাওয়ার জন্য দাবি করেছে।
স্থানীয় মুসল্লিরা সকালে প্যাকেট দেখতে পেয়ে আমাদের খবর দিলে বিষয়টি পুলিশকে অবগত করলে তারা চিরকুট ও বোমা সদৃশ বস্তু নিয়ে যায়। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস বলেন, ‘ভয়ভীতি দেখানোর জন্য বোমা সদৃশ বস্তু রাখতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে’। এ বিষয়ে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানান তিনি।