বরিশাল সিটি করপোরেশনের ২০ হাজার বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২০, ২০২৬, ১৭:৫০ অপরাহ্ণ
বরিশাল সিটি করপোরেশনের ২০ হাজার বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের কর্মসূচি সফল করার লক্ষ্যে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) উদ্যোগে ২০ হাজার বৃক্ষ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর সংলগ্ন বরিশাল অডিটোরিয়াম থেকে এসব বৃক্ষ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়নে বরিশাল সিটি করপোরেশন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তুলতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও নগরবাসীকে এই সামাজিক বনায়ন কর্মসূচিতে এগিয়ে আসা উচিত।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম ও বিসিসির সচিব রুম্পা শিকদার।

এছাড়া বরিশাল সিটি করপোরেশনের বনায়ন শাখার কর্মকর্তারা ও বরিশাল নগরীর বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সর্বমোট ১৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার গাছের চারা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেয়া হয়।