

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাঁশের লাঠি ও গাবের কচা নিয়ে ভোটকেন্দ্রে অবস্থান করার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিসের বেতাগী উপজেলা শাখার সভাপতি ক্বারী বশির উদ্দিন জেহাদি। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া এলাকায় বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনি জনসভায় এ আহ্বান জানান তিনি।
বশির উদ্দিন জেহাদি বলেন, সংগ্রামী দেশবাসী আপনারা এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন, প্রতিটি ভোটকেন্দ্রে আপনারা এমনভাবে অবস্থান করবেন, বাঁশের লাঠি আর গাবের কচা নিয়ে প্রত্যেকটা সেন্টারকে এমনভাবে পাহারা দেবেন, জাল ভোট হতে দেবেন না। প্রয়োজন বোধে আপনার-আমার রক্তের বিনিময়ে হলেও সত্য ভোট দেবো, সহিহ ভোট দিবো।
তিনি আরও বলেন, আপনারা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন, জাল ভোট চলবে না। এমন একটি নির্বাচন হবে- কখনো মানুষ তা চিন্তাও করেনি, আর করবেও না। এদিকে জনসভায় ভোটকেন্দ্রে বাঁশের লাঠি নিয়ে অবস্থান করার বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কি না জানতে চাইলে বশির উদ্দিন জেহাদি বলেন, আমি মূলত বুঝাতে চেয়েছি, যাতে জাল ভোট কেউ দিতে না পারে, সন্ত্রাসী কার্যক্রম না করতে পারে- এজন্য সবাইকে সতর্ক থাকার জন্য বলছি। এ ধরনের বক্তব্য যে নির্বাচনি আচরণ বিধিমালার লঙ্ঘন, তা আমি জানতাম না। এটা আমার ভুল হয়েছে। আগামীতে আর এরকম হবে না।