৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:০০

বরিশালে কমেছে কাঁচামরিচ-পেঁয়াজের দাম

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৬ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে বেশকিছু সবজির দাম স্থিতিশীল থাকলেও কমেছে কাঁচামরিচ ও পিঁয়াজের দাম। গত সপ্তাহের তুলনায় পাইকারি বাজারে কাঁচামরিচের দাম কেজি প্রতি ২৫-৩০ টাকা ও পিঁয়াজের দাম ১৫ টাকা কমেছে। এছাড়া অন্যান্য সবজির দাম স্থিতিশীল রয়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে সব ধরনের সবজি কেজিপ্রতি ১০-৩৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে বরিশাল নগরীর একমাত্র পাইকারি সবজির বাজার বহুমুখী সিটি মার্কেট ও কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। পাইকারি সবজির বাজার ঘুরে দেখা গেছে, কাঁচামরিচ গত সপ্তাহে ১১০-১২০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫-৩০ টাকা কমে ৮৫ টাকা বিক্রি হচ্ছে, শিম (কালো) গত সপ্তাহের দামে ৩০ টাকা, শিম সাদা গত সপ্তাহের দামে ১০-১২ টাকা, ফুলকপি গত সপ্তাহের দামে ৩০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, শসা গত সপ্তাহে ৬০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৫০ টাকা বিক্রি হচ্ছে, বেগুন গত সপ্তাহের দামে ৩০ টাকা, করলা গত সপ্তাহে ৩০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৪০ টাকা, পেঁপে গত সপ্তাহের দামে ১৫-২০ টাকা, লাউ ২০-২৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, টমেটো গত সপ্তাহে ৫০ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ৩০-৩৫ টাকা, গাজর গত সপ্তাহে ৩০-৩৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ২৫ টাকা, কাঁচকলা ২০ টাকা ও লেবু ১৫ টাকা হালি বিক্রি হচ্ছে। এছাড়া পিঁয়াজ গত সপ্তাহে ৬৫ টাকা বিক্রি হলেও এ সপ্তাহে ১৫ টাকা কমে ৫০ টাকা বিক্রি হচ্ছে।

এদিকে পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশকিছু খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৪০-৪৫ টাকা, বাঁধাকপি ২০ টাকা, সিম ৪০-৪৫ টাকা, কাঁচামরিচ ১১০-১২০ টাকা, শসা ৭০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, করলা ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, লাউ ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, টমেটো ৫০-৫৫ টাকা, গাজর ৪০ টাকা, কাঁচকলা ২৫ টাকা ও লেবু ২০-২৫ টাকা হালি বিক্রি হচ্ছে।

এছাড়া মাংসের বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৬০-২৭০ টাকা, লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অপরদিকে বিভিন্ন মাছ গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। এরমধ্যে রুই মাছ ৩০০-৪৫০ টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাশ ১৮০-২২০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা।

নগরীর বাংলাবাজারের খুচরা সবজি বিক্রেতা তৌহিদ জানান, এখন সব সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় দামও স্থিতিশীল রয়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে। কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ, ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়। পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা, বিদ্যুৎ বিল দিতে হয়।

 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo