বরিশাল মহানগরীর রসুলপুর বস্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অলক কান্তি শর্মার নেতৃত্বে কোতোয়ালি মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান চালায়।
অভিযান চলাকালে মহানগরীর বিভিন্ন স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে পুলিশকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন।
অভিযানে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
পুলিশ জানিয়েছে, মহানগরীতে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।