স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন—অভিযোগ স্বামীর, থানায় লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২০:৫৮ অপরাহ্ণ
স্ত্রী অন্যত্র বিয়ে করেছেন—অভিযোগ স্বামীর, থানায় লিখিত অভিযোগ

 

বরিশালে স্বামীকে তালাক না দিয়েই অন্য এক পুরুষকে বিয়ে করার অভিযোগে এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। একই সঙ্গে স্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে গালাগাল, ভয়ভীতি প্রদর্শন ও কু-প্ররোচনার অভিযোগও করেছেন তিনি।

গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর নিউ সার্কুলার রোড এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মো. শাহিদুল ইসলাম (৩৩) কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগে শাহিদুল ইসলাম উল্লেখ করেন, ২০২০ সালে আসমা আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার স্বাভাবিকভাবে চলছিল। পরে ২০২৪ সালে পড়াশোনার কথা বলে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর তারা মাঝে মাঝে একে অপরের বাড়িতে যাতায়াত করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীর দাবি,তিনি পরিবারের ছোট সন্তান হওয়াতে বিভিন্নভাবে ছলে-কৌশলে তার  স্ত্রী প্রায় ১০ ভরি স্বর্ণ ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় । তবে কিছুদিন ধরে তার স্ত্রী তার সঙ্গে ভালোভাবে কথা বলছিলেন না এবং অন্য পুরুষের সঙ্গে যোগাযোগ করতেন এবং পরকীয়ায় লিপ্ত ছিলেন বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগে আরও বলা হয়, কিছুদিন আগে তার স্ত্রী তাদের বাড়িতে এসে নিজের প্রয়োজনীয় কাপড়-চোপড় নিয়ে যান। এরপর স্ত্রী তার সঙ্গে আর সংসার করবেন না বলে নানা ধরনের টালবাহানা শুরু করেন। এ ক্ষেত্রে স্ত্রীকে তার বাবা মজিবুর রহমান ও মুকুল বেগম কু-প্ররোচনা দিয়েছেন বলেও অভিযোগকারীর দাবি।

শাহিদুল ইসলামের অভিযোগ, গত ১২ সেপ্টেম্বর তিনি জানতে পারেন, তার স্ত্রী তাকে তালাক না দিয়েই অন্য এক পুরুষকে বিয়ে করেছেন। বিষয়টি জানতে পেরে তিনি ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের অকথ্য ভাষায় গালাগাল করা হয় এবং ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযুক্ত মজিবুর রহমানকে মুঠোফোনে কল করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে রাজি হয়নি ।

এছাড়া অভিযুক্ত আছমা আক্তারের মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

অভিযোগকারীর আরও দাবি, তার স্ত্রী বিভিন্ন সময়ে ফোনে যোগাযোগ করে তাকে নানা ধরনের হুমকি দিয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কথা বলেছেন।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের কাছে লিখিত অভিযোগে অনুরোধ জানিয়েছেন শাহিদুল ইসলাম।