আবারও পানির নিচে তলিয়ে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৭:০৯ অপরাহ্ণ
আবারও পানির নিচে তলিয়ে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টির কারণে আবারও পানির নিচে তলিয়ে গেছে রাঙ্গামাটির প্রধান আকর্ষণ ঝুলন্ত সেতু। সেতুর পাটাতনে প্রায় চার ইঞ্চি পানি ওঠায়, চরম ঝুঁকি এড়াতে দর্শনার্থীদের চলাচল সাময়িক নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে কাপ্তাই হ্রদের পানি আশঙ্কাজনকহারে বেড়েছে। রাঙ্গামাটি সিম্বলিক খ্যাত ঝুলন্ত সেতু দ্বিতীয়বারের মতো ডুবে গেছে। পানি বাড়ায় জল বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের জলকপাটগুলো ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

তাই সেতুতে চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। আকস্মিক এমন পরিস্থিতিতে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন পর্যটকরা।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশন জানিয়েছে, ঝুঁকি এড়াতেই সেতুতে দর্শনার্থীদের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

শিগগিরই কাপ্তাই হ্রদের পানি কমবে। স্বাভাবিক হবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাঙ্গামাটি এ পর্যটন স্পট। এ আশা ভ্রমণপিপাসু মানুষের।