ঢাবি সাংবাদিকদের ওপর হামলা: ৩ দিনের তদন্ত প্রতিবেদন জমা পড়ল ৫ মাস পর!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৬, ২০:৪২ অপরাহ্ণ
ঢাবি সাংবাদিকদের ওপর হামলা: ৩ দিনের তদন্ত প্রতিবেদন জমা পড়ল ৫ মাস পর!

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জমা দেয়া হয়েছে। মাত্র তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও পেরিয়ে গেছে প্রায় পাঁচ মাস।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ঢাবিসাস) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য জানান, শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার তদন্ত প্রতিবেদন আজ আনুষ্ঠানিকভাবে জমা পড়েছে। প্রতিবেদনটি পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সিন্ডিকেটে পাঠানো হয়েছে। আসন্ন সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উপাচার্যের সঙ্গে এই সাক্ষাতের পর ঢাবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সমিতির সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের ওপর হামলার প্রায় পাঁচ মাস পর আজ আমরা দেখতে পেলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। আমরা ধারণা করছি, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার পর দেশব্যাপী যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেই চাপে বাধ্য হয়েই হয়তো প্রশাসন এই প্রতিবেদন জমা দিতে তৎপর হয়েছে প্রশাসন।’

সাংবাদিকদের ওপর নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে, আগামী সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে যারা এই হামলায় সরাসরি অভিযুক্ত ছিল, তাদের বিরুদ্ধে যেন দ্রুত ও যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।’