৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০০

বরগুনায় মুখোশ পরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ২৭ সংবাদটি পঠিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় রাতের আঁধারে মুখোশ পরে ইমতিয়াজ হোসেন ইমাম নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ইমতিয়াজ হোসেন ইমাম পাথরঘাটার পৌর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা ইমতিয়াজ হোসেন ইমাম রাতে বাসা থেকে খাবার খেয়ে বের হন। পরে তিনি পাথরঘাটা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে মুখোশ পরা চার-পাঁচ জন মিলে তাকে কোপাতে শুরু করে।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ইমামকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হসিবুল্লাহ হাসিব বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে হামলা করা হতো। ওই সময় কারা হামলা করতো তা আমরা জানতাম।

কিন্তু বর্তমানে আমাদের নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা হচ্ছে। গত রাতে ছাত্রদল নেতা ইমামের ওপর মুখোশ পরে গুপ্ত হামলা চালিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। এতে তার হাত, পা এবং বুকসহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করা হয়।

তিনি আরও বলেন, যারা বর্তমানে গুপ্ত রাজনীতি করছেন তারাই এ হামলা চালিয়েছে বলে আমাদের মনে হয়। এ বিষয়ে পাথারঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, ইমতিয়াজ হোসেন নামে এক ছাত্রদল নেতার ওপর হামলার খবর পেয়েছি। কারা এ হামলা চালিয়েছে তা উদঘাটন করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত আমরা ভুক্তভোগী পরিবার বা অন্য কারো কোনো লিখিত অভিযোগ পাইনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন ...

এই বিভাগের আরো খবর...
© All rights Reserved © 2025 Rising Barisal
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo