মোহাম্মদপুরে মধ্যরাতে বাসে আগুন নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ণ
মোহাম্মদপুরে মধ্যরাতে বাসে আগুন নিয়ে যা জানা গেল

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা র‍্যাব ক্যাম্পের সামনে পার্কিং করা মিডলাইন পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক ধারণা, বাসটির ইঞ্জিনে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে বসিলা রোডের জল তরঙ্গ সুইমিং পুলের গেটের সামনে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, জল তরঙ্গ সুইমিং পুলের সামনে পার্কিং করে রাখা মিডলাইনের একটি বাসে (ঢাকা-মেট্রো-ব-১১-৯৪২১) হঠাৎ আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ওসি জানান, বাস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, দিনের বেলায় বাসটিতে মেরামতের কাজ করা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

তবে অগ্নিকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এ জন্য আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।