১ দিন না যেতেই আবারও বরিশাল শহরে কুকুরের মুখে নবজাতকের লাশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৯:৪০ অপরাহ্ণ
বরিশাল নগরীতে একদিন আগে দুই নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার খাল থেকে আরও একটি নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নগরীর সিএনবি পুলের কাছের একটি খালে পলিথিনে মোড়ানো অবস্থায় এক কন্যাশিশুর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় এক ব্যক্তি খালের মধ্যে একটি পলিথিনের ব্যাগ নিয়ে কুকুরকে টানাটানি করতে দেখে বিষয়টি লক্ষ্য করেন। পরে কাছে গিয়ে দেখতে পান, পলিথিনের ভেতরে একটি নবজাতক কন্যাশিশুর মরদেহ রয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসসংলগ্ন ময়লার স্তূপ থেকে একটি ছেলে ও একটি মেয়েশিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। একের পর এক নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সর্বশেষ মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।