বহিষ্কারের পরও চাঁদাবাজি, যুবদলের সাবেক নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ৯, ২০২৫, ২২:৫৩ অপরাহ্ণ
বহিষ্কারের পরও চাঁদাবাজি, যুবদলের সাবেক নেতা গ্রেফতার

পিরোজপুর সংবাদদাতা ॥
চাঁদাবাজির মামলায় পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেলে পুলিশের যৌথ অভিযানে মারুফের মালিকানাধীন পিরোজপুর শহরের আবাসিক বিলাস হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে চাঁদাবাজির অভিযোগে জুয়েল শেখ নামে এক বালু ব্যবসায়ী মারুফসহ ৫ জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম মারুফকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মারুফ বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে আসছিলেন। এ ঘটনায় মারুফকে তার দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এতে দমে না গিয়ে তিনি নিয়মিত বেপরোয়াভাবে চাঁদাবাজি করে আসছিলেন।

গত বছরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চাঁদাবাজির অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বছরের ১০ আগস্ট মারুফসহ পিরোজপুর জেলা যুবদলের শীর্ষ তিন নেতা ও জেলার ভান্ডারিয়া উপজেলার সদস্যসচিবকে দলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়।