

রাজাপুর প্রতিবেদক ॥
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী জমাদ্দার বাড়ি এলাকার টুটুল জমাদ্দারের বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী টুটুল জমাদ্দার জানান, গভীর রাতে ৮/১০ জনের একটি অস্ত্র ও মুখোশধারী ডাকাতদল কৌশলে ঘরের দরজার লাঠ খুলে প্রবেশ করে ঘরে থাকা সবাইকে দল অস্ত্রের মুখে হাত-পা বেধে টাকা ও স্বর্ণালংকারসহ মালপত্র লুটে নেয়।
এসময় পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার, টাকা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ঘরের সদস্যরা চিৎকার করার চেষ্টা করলে তাদের মারধর করা হয় বলেও জানা গেছে।
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।