নড়াইলে লোহাগড়া উপজেলায় কাঠ পুড়িয়ে কয়লা তৈরির একটি অবৈধ কারখানা ধ্বংস করা হয়েছে। এসময় কারখানায় থাকা ৩ হাজার মণ কাঠ ও ৯০২ বস্তা কয়লা জব্দ এবং নগদ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২ নভেম্বর), দুপুরের দিকে উপজেলার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সারুলিয়া গ্রামে নবগঙ্গা নদীর তীরে বাগানের মধ্যে একটি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ কারখানা চলছিল। খবর পেয়ে সোমবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
ঘটনার সত্যতা মেলায় এসময় কাঠ পুড়িয়ে কয়লা তৈরি অবৈধ কারখানাটি ধ্বংস করা হয়। এসময় কারখানার তিন শ্রমিককে ২ হাজার টাকা এবং মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে, কারখানায় থাকা ৩ হাজার মণ কাঠ ও ৯০২ বস্তা কয়লা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রুবেল শেখ জানায়, জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে, সেগুলো বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে৷ এসময় পরিবেশের সুরক্ষায় এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকা আহ্বান জানিয়েছেন তিনি।