বলিউড অভিনেত্রী দিয়া মির্জাকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাদের মন্তব্যে। পরিবেশবান্ধব দীপাবলি উদ্যাপনের আহ্বান জানিয়ে একটি প্রচারাভিযানে অংশ নিয়েছিলেন দিয়া। তবে বিজেপির আপত্তির মুখে সম্প্রতি সেই প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেয় বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।
এরপরই অভিনেত্রীকে হিন্দুত্ববিরোধী বলে আক্রমণ করেন মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রচারণাটি নিয়ে আপত্তি জানান বিজেপির মুম্বাই শাখার প্রধান অমিত সাতাম। তার আপত্তির কয়েক ঘণ্টার মধ্যেই বিএমসির সামাজিক যোগাযোগমাধ্যম থেকে প্রচারণার পোস্টগুলো সরিয়ে নেওয়া হয়। এ ঘটনার পর দিয়া মির্জাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও জোরালো হয়েছে।
তবে বিজেপি নেতাদের সমালোচনার মুখে পড়া বলিউড তারকাদের তালিকায় দিয়া মির্জাই প্রথম নন। বিভিন্ন সময়ে সরকারের নীতি, রাজনৈতিক অবস্থান কিংবা সামাজিক ইস্যুতে প্রকাশ্যে মত দেওয়ায় একাধিক অভিনেতাকে বিজেপি নেতাদের আক্রমণের মুখে পড়তে হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আলোচনায় আসা এমন কয়েকজন তারকা হলেন:
বিজেপি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বহুবার আলোচনায় এসেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ২০২৩ সালে তিনি অভিযোগ করেছিলেন, মুসলিমদের প্রতি বিদ্বেষকে রাজনৈতিকভাবে কাজে লাগাচ্ছে সরকার। চলতি বছরের জুলাইয়ে ককরোচ জনতা পার্টির ‘চলো সংসদ’ কর্মসূচিতে পুলিশের পদক্ষেপেরও সমালোচনা করেন তিনি।