সুপারশপের ফ্রিজ-ফ্রিজারে সাইবার হামলা, নষ্ট কোটি টাকার খাবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ২, ২০২৬, ২০:০৩ অপরাহ্ণ
সুপারশপের ফ্রিজ-ফ্রিজারে সাইবার হামলা, নষ্ট কোটি টাকার খাবার

ইউরোপের চার দেশ বেলজিয়াম, লুক্সেমবার্গ, সুইডেন ও আয়ারল্যান্ডের বেশ কয়েকটি সুপারশপের ফ্রিজ ও ফ্রিজারে সন্দেহভাজন সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে। অর্থের হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় কয়েক মিলিয়ন ইউরো।

সোমবার (০২ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদন থেকে এ খবর পাওয়া গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়াম ও লুক্সেমবার্গে ডেলহাইজ সুপারমার্কেটের প্রায় ৪০টি শাখা এ ঘটনায় আক্রান্ত হয়েছে। এ ছাড়া সুইডেনের আইসিএ ও কোপ সুপারশপের কয়েকটি শাখা এবং আয়ারল্যান্ডের ১৩টি সুপারভ্যালু স্টোরেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে।

বেলজিয়ামের অন্যতম বড় সুপারমার্কেট চেইন ডেলহাইজ জানিয়েছে, রাতের বেলায় তাদের প্রায় ৪০টি শাখায় একটি কম্পিউটার-সংক্রান্ত সমস্যা দেখা দেয়। দেশটির ফ্লেমিশ ব্রাবান্ত প্রদেশের হোয়েলার্ট এলাকার একটি শাখার ব্যবস্থাপক জানান, সেখানে প্রায় এক লাখ ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে। দোকান বন্ধ রাখার কারণে সম্ভাব্য অতিরিক্ত ক্ষতির হিসাব এতে অন্তর্ভুক্ত নয়।

এদিকে ফরাসি মালিকানাধীন সুপারমার্কেট চেইন ক্যারিফোর জানিয়েছে, বেলজিয়ামে তাদের ১৫টি শাখা এ ঘটনার প্রভাবের মুখে পড়েছে। তবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় সব শাখার কার্যক্রম চালু রাখা সম্ভব হয়েছে।

সুইডেনের আইসিএ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কেন্দ্রীয় নেটওয়ার্কের বাইরে পরিচালিত অল্পসংখ্যক দোকান এ ঘটনায় আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত শাখাগুলোকে পরিস্থিতি সামাল দিতে সহায়তা করছে প্রতিষ্ঠানটি।

দক্ষিণ সুইডেনের শ্যোবো এলাকায় আইসিএর একটি শাখা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, রাতের মধ্যে তাদের ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা পরিবর্তন করে ৫০ ডিগ্রি সেলসিয়াসে সেট করা হয়েছিল। এ কারণে দোকানটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। পরে অবশ্য আবার চালু করা হয়েছে।

রাজধানী স্টকহোমের ওডেনগাতান এলাকার একটি শাখায় নষ্ট হয়ে যাওয়া খাবার কর্মীদের ফেলে দেওয়ার ছবিও প্রকাশিত হয়েছে।

অন্যদিকে, সুইডেনের কোপ সুপারমার্কেট জানিয়েছে, তাদের প্রায় ৮০০টি দোকানের মধ্যে সাতটি এ ঘটনায় আক্রান্ত হয়েছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বেলজিয়াম ও সুইডেনের জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

উল্লেখ্য, গত মাসেও ফ্রান্সের কয়েক শ সুপারমার্কেটে একই ধরনের ঘটনা ঘটেছিল। ইউরোপের বিভিন্ন দেশে ধারাবাহিক এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।