রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ২১:২৯ অপরাহ্ণ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সেফটি ভালভের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কেন্দ্রটির প্রেসার অপারেটেড রিলিফ ভালভের (পিআরওভি) সমস্যা সমাধানের পর ১৬ মেগাপ্যাসকেল উচ্চচাপে এর পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার সকালে শুরু হওয়া এই পরীক্ষা চলে রাত পর্যন্ত। প্রধান নিয়ন্ত্রণকক্ষ ও জরুরি নিয়ন্ত্রণকক্ষ—উভয় স্থান থেকেই পরীক্ষাটি পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাছান অটোমেটিক চাপ প্রশমন ভালভের সমস্যা সমাধানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, পরীক্ষার শুরুতে কন্ট্রোল ভালভগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। সেগুলোর কার্যক্রম সন্তোষজনক পাওয়ার পর সংশ্লিষ্ট মেইন সেফটি ভালভের কার্যক্রম ও প্রতিক্রিয়াও পরীক্ষা করা হয়। এ সময় ভালভের খোলা ও বন্ধ হওয়ার প্রক্রিয়া, প্রতিক্রিয়া, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়াগত পরিমিতি পর্যবেক্ষণ করা হয়।

অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত কঠোরভাবে অনুসরণ করেই পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানান ড. জাহেদুল। পরীক্ষা শুরুর আগে এবং চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তাব্যবস্থা যাচাই করা হয়।

ড. জাহেদুল হাছান বলেন, পিআরওভি পরীক্ষার সফল সমাপ্তি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। কারণ, রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে এই ব্যবস্থা সরাসরি সম্পৃক্ত।

তিনি আরও বলেন, কমিশনিং কার্যক্রমের পুরো প্রক্রিয়ায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষা প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন, ব্রিফিং এবং নিরাপত্তা শর্ত নিশ্চিত হওয়ার পরই পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়সূচি ঠিক রাখতে গিয়ে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপ্যাসকেল চাপে ভালভটির আরও একটি পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিশনিং দল ধাপে ধাপে এগোচ্ছে এবং প্রতিটি পর্যায় সতর্কতার সঙ্গে যাচাইয়ের পর পরবর্তী ধাপে যাওয়ার প্রক্রিয়া অনুসরণ করছে।

রূপপুর প্রকল্পের নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটম জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের পারমাণবিক জ্বালানি সরবরাহ ২০২৬ সালের অক্টোবর থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের শেষ নাগাদ পুরো সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, একাধিক ফ্লাইটে এসব জ্বালানি বাংলাদেশে আনা হবে।