আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতির সফরকে ঘিরে সিলেটে বিরাজ করছে উৎসবের আমেজ। তাকে স্বাগত জানাতে নগরজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঢাকার বাইরে এটি তার দ্বিতীয় সফর। সফরকালে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি’র মাজার জিয়ারত করবেন।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। একই সঙ্গে তার চলাচলের পথ ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় বিমানযোগে সিলেটে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে সিলেট সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার দেওয়া হবে।

এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতির যোগ দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরীতে এরই মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।