মাদক, আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্য ও জামায়াত-শিবিরের অনলাইন গুজবের বিরুদ্ধে ববি ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে মাদক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল, নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ জানানো হয়। গতকাল সোমবার রাত নয়টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
মিছিলটি ঢাকা–কুয়াকাটা মহাসড়ক হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় মাদকবিরোধী, অপপ্রচার ও গুজববিরোধী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।
সমাবেশে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ হোসেন শান্ত বলেন, মাদক, সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে তাঁদের অবস্থান স্পষ্ট। ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় তাঁরা কাজ করবেন।
ছাত্রদলের নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মিছিল ও বিভিন্ন ধরনের অপতৎপরতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবিরের বিভিন্ন পক্ষের বিরুদ্ধে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির অভিযোগ রয়েছে। এসব অপপ্রচারের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।
তাঁরা আরও বলেন, মাদক শুধু শিক্ষার্থীদের শিক্ষাজীবন নয়, একটি প্রজন্মের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে। তাই বরিশাল বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে প্রশাসন, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচি শেষে ছাত্রদলের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি নৈশভোজের আয়োজন করা হয়।