ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলছে না হরমুজ প্রণালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলছে না হরমুজ প্রণালি

ওমানের সঙ্গে জাহাজ চলাচলের নতুন পথ নিয়ে চুক্তি হলেও হরমুজ প্রণালি এখনই খুলছে না। ইরানের একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিটি বন্ধ রাখবে তেহরান। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।

ইরানের আলোচনাসংশ্লিষ্ট ওই সূত্র শনিবার দেশটির তাসনিম নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছে। তবে সাতটি শর্ত কী, তা প্রকাশ করা হয়নি। সূত্রটি বলেছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে শর্তগুলো যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে।

গত আগস্টের শেষ দিকে ইরান ও ওমান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন পথ নিয়ে সমঝোতায় পৌঁছায়। এ ব্যবস্থায় উপসাগরে প্রবেশকারী জাহাজের পথ পুরোপুরি ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে। উপসাগর থেকে বের হওয়ার পথের একটি অংশও ইরানের জলসীমা দিয়ে যাবে। যুক্তরাষ্ট্র যে দক্ষিণের পথটি পুনরায় চালুর চেষ্টা করেছিল, সেটি বন্ধ থাকবে।

তবে এই চুক্তির মাধ্যমে এখনই জাহাজ চলাচল শুরু করার অনুমতি দেওয়া হয়নি। বরং ভবিষ্যতে হরমুজ প্রণালি খুললে কোন পথে জাহাজ চলাচল করবে, সে বিষয়ে একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে।

চুক্তিটি শুধু ইরান ও ওমানের মধ্যে হয়েছে। অন্য উপসাগরীয় দেশগুলোকে নতুন পথ সম্পর্কে জানানো হবে। তবে পথ নির্ধারণের প্রক্রিয়ায় তারা অংশ নেবে না।

এদিকে সোমবার ওমানে ইরান, ওমান, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইরান ও ওমান তাদের আলোচনার ফলাফল তুলে ধরবে।

তবে বাহরাইন শনিবার জানিয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত না হওয়া পর্যন্ত তারা ওই বৈঠকে অংশ নেবে না।