বাগেরহাটের মোল্লাহাটে মৎস্য ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের দাড়িয়ালা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—দাড়িয়ালা গ্রামের মোস্তাইন শেখের মেয়ে লামিয়া আক্তার জান্নাতি (১০) ও মোস্তাক শেখের মেয়ে সামিয়া (৯)। তারা সম্পর্কে চাচাতো বোন এবং স্থানীয় দাড়িয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী
মোল্লাহাট থানার উপপরিদর্শক (এসআই) প্রসেন কুমার সানা জানান, রোববার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে পরিবারের কাউকে না জানিয়ে লামিয়া ও সামিয়া বাড়ির পাশের একটি মৎস্য ঘেরে শাপলা তুলতে যায়। দুজনের কেউই সাঁতার জানতো না। একপর্যায়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাপলা তুলতে গিয়ে প্রথমে একজন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অপরজনও পানিতে পড়ে যায়। পরে দুজনই পানিতে তলিয়ে যায়।
এসআই প্রসেন কুমার সানা বলেন, সকাল ৮টার দিকে এক প্রতিবেশী মৎস্য ঘেরে সামিয়ার মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। এ দিকে পরিবারের সদস্যরা লামিয়াকে বাড়িতে না পেয়ে ঘেরে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে অচেতন অবস্থায় লামিয়াকে উদ্ধার করা হয়। পরে দুই শিশুকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার এসআই প্রসেন কুমার সানা আরও জানান, স্বজনদের কোনও আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুই চাচাতো বোন প্রায় সমবয়সী হওয়ায় তারা সবসময় একসঙ্গে খেলাধুলা করত এবং একে অপরের সঙ্গেই থাকত। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত পুরো এলাকাবাসী।