বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন বরিশাল জিলা স্কুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন বরিশাল জিলা স্কুল

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের বরিশাল জেলা পর্বে চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল জিলা স্কুল। প্রতিযোগিতায় রানারআপ হয়েছে উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। আর চ্যাম্পিয়ন দলের নাফিজ নিলয় নির্বাচিত হয়েছেন শ্রেষ্ঠ বক্তা।

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে মঙ্গলবার (৬ অক্টোবর) বরিশাল নগরের আছমত আলী খান ইনস্টিটিউশনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ আয়োজনে এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় উৎসবটি অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ের এ আয়োজনে আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশ নেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়নি। ফলে প্রতিযোগিতায় অংশ নেয় সাতটি প্রতিষ্ঠান। এগুলো হলো—বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, আছমত আলী খান ইনস্টিটিউশন, বরিশাল জিলা স্কুল, সরকারি কাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ এবং শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়।

দিনব্যাপী বিতর্কের পর বিকেল সাড়ে ২টার দিকে অনুষ্ঠিত সমাপনী পর্বে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদ।

এর আগে সকালে উৎসবের উদ্বোধন করেন আছমত আলী খান ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতি ও বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব আনোয়ারুল হক তারিন।

সমাপনী অনুষ্ঠানে অধ্যাপক কাজী জাবের আহমেদ বিজ্ঞানভিত্তিক বিতর্ক আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, বিজ্ঞানকে ভয় পাওয়ার বিষয় নয়; তরুণ প্রজন্মকে বিজ্ঞানকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ মানুষের সৃজনশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয় সুহৃদ সমাবেশের সভাপতি নুর ইসলাম নিয়ন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সুহৃদ সমাবেশের উপদেষ্টা ও মুলাদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হাফিজ আহমেদ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বরিশাল ব্রজমোহন কলেজ ডিবেটিং ক্লাবের সদস্যরা।

বরিশাল জিলা স্কুলের এ সাফল্যে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। বিজ্ঞানভিত্তিক যুক্তি, তথ্য-উপাত্ত ও বিশ্লেষণনির্ভর বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিবোধ ও বিজ্ঞানমনস্কতা বিকাশের লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।