বাড়ল দুর্গাপূজার ছুটি, বেসরকারি চাকরিজীবীরাও পাবেন এই সুবিধা?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ১, ২০২৬, ২১:৩১ অপরাহ্ণ
বাড়ল দুর্গাপূজার ছুটি, বেসরকারি চাকরিজীবীরাও পাবেন এই সুবিধা?

হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার আসন্ন বৈঠকে এর অনুমোদনের পর ছুটির প্রজ্ঞাপন জারি করা হবে। এতে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এবার দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) নবমী উপলক্ষে নির্বাহী আদেশে একদিনের ছুটি থাকছে। এর পরদিন ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে আরও একদিনের সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে নির্বাহী আদেশে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) আরও একদিনের ছুটি থাকছে।

অন্যদিকে আগামী ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় এই দু’দিন সাপ্তাহিক ছুটি পড়েছে। ফলে একদিনের ছুটি বাড়ানোর সিদ্ধান্তের ফলে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচদিন ছুটি হবে।

এ বিষয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দাবির প্রেক্ষিতে দুর্গাপূজার ছুটি আরও একদিন বৃদ্ধি করে তিনদিন করা হয়েছে। এর সঙ্গে যেহেতু সাপ্তাহিক ছুটি যুক্ত হয়েছে, সেহেতু শুক্র ও শনিবার মিলিয়ে কার্যত এই ছুটি পাঁচদিন হবে।

সাধারণত, জাতীয় ছুটি বা সাধারণ ছুটি সরকারি-বেসরকারি সব খাতের জন্য প্রযোজ্য হয়। তবে এমন ছুটির ক্ষেত্রে সব সময়ই জরুরি পরিষেবা যেমন— বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানিসহ ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা এর আওতাবহির্ভূত থাকেন। এ ছাড়াও হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীসহ চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মী এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও এই ছুটির আওতাবহির্ভূত থাকে।

এ ক্ষেত্রে আগামী ২২ অক্টোবরের ছুটির ক্ষেত্রে বেসরকারি খাত, অর্থাৎ বেসরকারি ব্যাংক, কলকারখানা ইত্যাদির জন্যও ছুটি প্রযোজ্য হবে কি না— এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, এটি জাতীয় ছুটি। তাই এটি সবার জন্যই প্রযোজ্য হবে। অর্থাৎ, ছুটির সময় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসগুলো বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা দেয়া প্রতিষ্ঠান ও এ সংশ্লিষ্ট সেবায় নিয়োজিত যানবাহন ও কর্মীরা এর আওতাবহির্ভূত থাকবে। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির পর এ বিষয়টি স্পষ্ট হবে।