ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬, ২০:২৫ অপরাহ্ণ
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরের সর্বোচ্চ। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও এক হাজার ৫৭১ জন। এই সংখ্যাও চলতি বছরে সর্বোচ্চ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ঢাকা উত্তর ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে ডেঙ্গুতে মারা গেছেন। এ ছাড়া, মৃতদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।

চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৩০ জন মারা গেছেন।

এর আগে, গত ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে ৫ জন করে মারা যান। আর, ১ সেপ্টেম্বর সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়।