জুলাইপন্থী সাংবাদিকদের সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি’র আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৮:৩৩ অপরাহ্ণ
জুলাইপন্থী সাংবাদিকদের সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি’র আত্মপ্রকাশ

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থক সাংবাদিকদের নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে এক আলোচনা সভা ও আত্মপ্রকাশ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামান জেজেইউর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। এতে ‘ফেস দ্য পিপল’-এর সম্পাদক সাইফুর সাগরকে আহ্বায়ক এবং চ্যানেল আইয়ের আহসান কামরুলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দৈনিক জাতীয় অর্থনীতির প্রকাশক লুৎফর রহমান বাদল, দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমি, এখন টিভির মাহমুদ রাকিব, চ্যানেল আইয়ের আকতার হাবীব, দ্য নিউ নেশনের শিমুল পারভেজ, ডেইলি ইন্ডাস্ট্রির রিয়াজুর রহমান রিয়াজ এবং দৈনিক জনকণ্ঠের ইসরাফিল ফরাজী।

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন দৈনিক জনকণ্ঠের আবদুর রহিম, বাংলাভিশনের কেফায়েত শাকিল, ভিওডি বাংলার নুরুল ইসলাম খান মামুন, ফ্রিল্যান্স সাংবাদিক ওবায়দুর রহমান, একেএম রেজাউল করিম, অগ্রযাত্রা প্রতিদিনের আশ্রাফ ফারুকী, দৈনিক বর্তমানের নিজাম উদ্দিন দরবেশ ও দৈনিক রূপালী বাংলাদেশের রহমতুল্লাহ।

সংগঠনটির সদস্য হিসেবে রয়েছেন অনলাইন বাংলার সম্পাদক খোমেনি এহসান, এটিএন বাংলার আল ইমরান, এশিয়া পোস্টের অন্তু মোজাহিদ, দৈনিক যায়যায়দিনের জালাল আহমেদ, ফ্রিল্যান্স সাংবাদিক রাকেশ রহমান, সোনালী নিউজের সাজ্জাদ হোসেন, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া হেড ফখরুল ইসলাম, আরটিএনএনের আবু বকর সিদ্দিক, দৈনিক মানবজমিনের মিফতাহুল জান্নাত, বাংলানিউজের ফারজানা ববি, বাংলাদেশ টাইমসের তাসবির ইকবাল, নতুন আশার মোর্শেদুল আলম, দেশ রূপান্তরের কেফায়েত রুমী, দেশ টিভির মেহেদী হাসান বাপ্পি, চ্যানেল আইয়ের রাশেদ মানিক, বাংলাভিশনের ওমর ফারুক, স্টার নিউজের এইচএম ইমরান হোসেন এবং আজাদ বাণীর মেহরাজ রাব্বি।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জেজেইউর আহ্বায়ক সাইফুর সাগর বলেন, ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি সময়ের প্রয়োজনে তৈরি হয়েছে। জুলাইপন্থী সব সাংবাদিকের জন্য এটি উন্মুক্ত। গণমাধ্যমকে সঠিক পথে রাখতে জুলাইয়ের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।’

সদস্য সচিব আহসান কামরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংবাদমাধ্যম প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারলেও মানুষের কাছে গণমাধ্যমের প্রত্যাশা এখনো রয়েছে। সেই প্রত্যাশা পূরণে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে কাজ করার লক্ষ্যেই তারা ঐক্যবদ্ধ হয়েছেন।

তিনি বলেন, ‘আমরা স্বাধীন সাংবাদিকতা চাই। তবে জুলাই গণহত্যাকারীদের পক্ষে যেন কেউ ন্যারেটিভ তৈরি করতে না পারে, সে বিষয়েও আমরা কাজ করব।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, অন্যদের সমালোচনা করার আগে নিজেদের আত্মসমালোচনা করতে হবে। পূর্ববর্তীদের মতো যেন তারাও না হয়ে যান, সেদিকে সতর্ক থাকতে হবে। আহত করে এমন বক্তব্যের পরিবর্তে সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, সাংবাদিকদের অংশগ্রহণ ছাড়া গণঅভ্যুত্থান সম্ভব ছিল না। সাংবাদিকদের একটি অংশ আন্দোলনে সমর্থন জানিয়েছিল। দলান্ধতার পরিবর্তে দেশের স্বার্থে তাদের কাজ করে যেতে হবে।

আলোকচিত্রী শহীদুল আলম বলেন, প্রেসক্লাবে শেখ হাসিনার ছবি সাংবাদিকরাই ঝুলিয়েছিলেন। ভবিষ্যতে যেন একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়। সরকার পরিবর্তনের সঙ্গে যেন সাংবাদিকদের পালিয়ে যেতে না হয়, সেজন্য নিরপেক্ষভাবে মানুষের জন্য সাংবাদিকতা করতে হবে।

জেজেইউর যুগ্ম আহ্বায়ক তালুকদার রুমি বলেন, ফ্যাসিবাদী সময়ে অনেক সাংবাদিক আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন। তারা তখন যেমন বঞ্চিত ছিলেন, এখনো বঞ্চিত। জুলাইয়ের সাংবাদিকদের ন্যায্য হিস্যা আদায়ে জেজেইউ কাজ করবে।

সংগঠনটির সদস্য ও অনলাইন বাংলার সম্পাদক খোমেনি এহসান স্বাগত বক্তব্যে বলেন, নির্ভয়ে সত্য বলার অধিকার নিশ্চিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। হামলা, মামলা ও চাকরিচ্যুতির হুমকি যেন সাংবাদিকের কলম থামিয়ে দিতে না পারে, তা নিশ্চিত করতে তারা কাজ করবেন। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা এবং জনগণের জানার অধিকারের পক্ষে জেজেইউর অবস্থান থাকবে।

অনুষ্ঠানে শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন এবং শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা সামসিয়ারা জামানও বক্তব্য দেন। তারা দেরিতে হলেও সংগঠনটির আত্মপ্রকাশকে স্বাগত জানান। একই সঙ্গে মতের ভিন্নতা থাকলেও কেউ যেন অন্যায়ের শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।