

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার গভীর রাতে নগরীর ফকির বাড়ি রোডের তাঁর নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। তিনি জানান, বিএনপির অফিস পোড়ানোর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ওসি জানিয়েছেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে সময় ২০২৪ সালের ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ করা হয়।
ওই ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলার আসামি ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরু।
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এসময় বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।