বরগুনার বেতাগীতে চাঁদাবাজির অভিযোগে আদিল সিকদার (২৫) নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আদিল উপজেলার বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
গতকাল শনিবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রোববার সকাল ১০টায় আদালতের মাধ্যমে তাকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্র জানায়, বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাজ ও যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারের বিরুদ্ধে জাহিদ হাসান নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করেন। এছাড়া মামলার বিবরণীতে ৮-১০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
বেতাগী থানা পুলিশ এ অভিযোগ পেয়ে শনিবার রাতে আদিল সিকদারকে বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় ১ নম্বর আসামি বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাজ (২৭) বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি।