

ভোলা সংবাদদাতা ॥
ভোলার চরফ্যাশনে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড।
শনিবার সকালে ভোলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ভোলার চরফ্যাশন বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই এলাকায় ১০টি গুদাম তল্লাশি করে প্রায় ১৪ কোটি ৫২ লাখ টাকা মূল্যের ৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লাখ মিটার চরঘেরা জাল, ১ লাখ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল, ৪ পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।
ভোলা কোষ্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।