আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ১২, ২০২৫, ২২:৫৫ অপরাহ্ণ
আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

পটুয়াখালী সংবাদদাতা ॥
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট উজ্জল বোসকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে শহরের নতুন বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় করা মামলায় (মামলা নম্বর-১৭/২০২৫) তাকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় ৯৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি একটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

অ্যাডভোকেট উজ্জ্বল বোস পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৬ সালে তিনি জেলা আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৯ সালের ডিসেম্বরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।