

নিজস্ব প্রতিবেদক ॥
স্বর্ণের তৈরি ঘোড়া, হরিণ এবং বিভিন্ন মূর্তিসহ শতাধিক স্বর্ণের গহনা বিক্রির কথা বলে দুই লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত গভির রাতে বরিশাল নগরীর কাউনিয়া টেক্সটাইল এলাকা থেকে তাদের আটক করে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।
এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে নকল স্বর্ণের ঘোড়া ও হরিণের দুটি মুর্তি, দুটি লোকনাথের মুর্তি, মনষা মূর্তি ১টি, হাতের বালা ১৯টি, হাতের চুরি ১৮টি, কানের চাপা দুল ২০টি, কানের বড় ঝুমকা ৫টি, ছোট ঝুমকা ২০টি, কানের দুল ৫টি, গলার লকেট ৩টি, গলার চেইন ৯৫টি, চুলের খোপার ঝুমকা ২৫টি, নুপুর ২টি, আংটি ১টি এবং ১টি নেকলেস।
এই ঘটনায় স্বর্ণ প্রতারক চক্রের তিন সদস্য হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের দক্ষিণ রফিয়াদী গ্রামের ওহাব হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার (৪৫), সদর উপজেলার চরকাউয়ার বাসিন্দা মৃত বিষেশ্বর হালদারের ছেলে শ্যামল হাওলাদার (৭৩) ও একই এলাকার মৃত সাহেদ মজুমদারের ছেলে মনির মজুমদার (৪৪)।
তথ্য নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার পরিদর্শক ছগির হোসেন। তিনি জানান, সম্প্রতি সোহরাব হোসেন গাজী নামের এক বৃদ্ধকে নকল স্বর্ণের মূর্তি এবং গহনা দেখিয়ে কম দামে বিক্রির প্রলোভন দেখায় প্রতারকরা।
পরে পাঁল লাখ টাকা চুক্তিতে প্রথম দুই লাখ টাকা নেয় চক্রের সদস্যরা। তাদের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশের কাছে অভিযোগ দেয় বৃদ্ধ। লিখিত অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করে।
পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
ডিবি পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছে, আটক তিনজন দীর্ঘদিন ধরেই নকল স্বর্ণ দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে। তারা তিন জনেই একটি চক্র। আগেও চক্রের কয়েকজন সদস্য আটক হয়েছে। এই চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।