বরিশালে শহীদ জিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৭, ২০২৫, ২৩:৩৫ অপরাহ্ণ
বরিশালে শহীদ জিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় দীর্ঘ ১৭ বছর ধরে কোনো উন্নয়নমূলক কার্যক্রম না থাকায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার জুমার নামাজের পর পশ্চিম বগুড়া জিয়া সড়কের বাইতুল মদিনা জামে মসজিদের সামনে ভাঙা রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সদস্য আ ন ম সাইফুল আহসান আজিম, সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম তালুকদার, সৈয়দ আশরাফ আলী, জায়েদ হোসেন, হারুন, নুরুজ্জামান, মামুন, মজিবর রহমান, শানু, হানিফসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে বক্তারা বলেন, নগরের নথুল্লাবাদ ব্রিজ থেকে নবগ্রাম রোড পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, শিক্ষার্থী ও কর্মজীবীরা চলাচল করে।

অথচ দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বড় বড় গর্ত, খানাখন্দে দুর্বিষহ যাতায়াতের পাশাপাশি বর্ষাকালে হাঁটু সমান ময়লা পানিতে ডুবে থাকতে হয়।
তারা বলেন, সড়কটি নির্মাণের সময় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মরণে সড়কটির নামকরণ করা হয় “শহীদ জিয়া সড়ক”। কিন্তু এরপর থেকেই এই সড়ক উপেক্ষিত থেকে যায়।

দ্রুত এই সড়ক সংস্কার এবং ড্রেনেজ নির্মাণের কার্যক্রম শুরু না হয়, বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন বক্তারা।

এদিকে মানববন্ধনে অংশ নেয়া স্থানীয়রা অভিযোগ করেন, গত ১৭ বছরে বেশ কয়েকবার জনপ্রতিনিধি বদলালেও এই সড়কের উন্নয়নের কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এমনকি এই সময়ের মধ্যে বরাদ্দ আসার খবর শোনা গেলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। বর্ষা মৌসুমে এই এলাকার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে থাকে এবং সৃষ্টি হয় স্বাস্থ্যঝুঁকি। বাড়ে ডেঙ্গুর সংক্রমণ সম্ভাবনা। রাস্তার বেহাল দশার কারণে প্রায়শই ঘটছে দুর্ঘটনা।

এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, জিয়া সড়কের মূল সড়কের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং শীঘ্রই কাজ শুরু হবে।