বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক, ২ বেদে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ২৩:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে কুপুরে পড়েছে যাত্রী ও মালবাহী ট্রাক। এতে ট্রাকে থাকা বেদে সম্প্রদায়ের দুই নারী যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ২১ জন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুন্সিগঞ্জের লৌহজং থানার খবিয়া গ্রামের বাসিন্দা সবুজের স্ত্রী তুফানী বেগম (২৮) ও শরিয়তপুরের পালং থানার চর দংশন গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম (৩০)।
এছাড়া আহতদের মধ্যে মুমূর্ষু অবস্থায় তিন শিশুসহ পাঁচজনকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তারা হলেন, আমিনুল ইসলাম (২), আনিকা আক্তার (৫), নাসিমা আক্তার (৮), শারমিন বেগম (৩০) ও রহিমা (৪৫)।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শরিয়তপুর থেকে একদল বেদে সম্প্রদায়ের লোক ও তাদের মালামাল নিয়ে পিরোজপুরের ভাণ্ডারিয়ার উদ্দেশে ছেড়ে আসে ট্রাক (চুয়াডাঙ্গা-ড ১১-০০৬৪।
পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকায় বেপরোয়া গতিতে মোড় ঘুরতে ছিল। একই সময় বিপরিত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থল অতিক্রম করছিল।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, খবর পেয়ে হাইওয়ে, থানা পুলিশ এবং স্থাানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এসময় হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। এছাড়া শিশুসহ পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ দেখানো হচ্ছে। তাছাড়া যাত্রীবাহী অপর বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।