

নিজস্ব প্রতিবেদক ॥
নিজ ঘরে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানা পুলিশ। আটক নারী নেত্রী তানিয়া ইয়াসমিন ১০ নম্বর ওয়ার্ড মহিলা লীগের নেত্রী।
সোমবার (২৩ জুন) রাতে নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ভাটারখাল এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। তাকে রাজনৈতিক পুরানো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচাজ (ওসি) মিজানুর রহমান।
জানা যায়, তানিয়া ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। ভিডিও’র ব্যাগরাউন্ডে আওয়ামী লীগের থিমসং দেয়া হয়েছে।
ভিডিওতে দেখা যায়, তিনি কয়েকজন নারীকে সাথে নিয়ে কেক কেটে আনন্দ করছেন। দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও বরিশালে আওয়ামী লীগ নেত্রীর প্রতিষ্ঠাবির্ষিকী পালনের ভিডিও ছড়িয়ে পড়লে প্রশাসনের টনক নড়ে যায়।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত তানিয়াকে জুলাই অভ্যুত্থান পরবর্তী দায়ের হওয়া বিএনপির অফিস পোড়ানোর মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, তানিয়া ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময় রাজনৈতিক দাপট দেখিয়ে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বরিশাল সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেরনিয়াবাতের পক্ষে ভোট কেনার অভিযোগ তুলেছিলেন মহানগর জাপার আহ্বায়ক অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল। এর জেরে তানিয়া ইসলাম প্রকাশ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, খোকন সেরনিয়াবাত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার স্ত্রী লুনা আবদুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে তানিয়া প্রভাবশালী হয়ে ওঠেন।
অভিযোগ রয়েছে, তিনি নগরীর বেলস পার্ক এলাকায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণ ও তা বিক্রি করেছেন, যা নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভও করেছিলেন। অবশ্য তানিয়ার এসব কাজের পেছনে ছিল রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়।
তানিয়ার ফেসবুক আইডি ঘেটে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অন্তবর্তী সরকারের বিরুদ্ধে নিজের ফেসবুক আইডিতে একাধিক পোস্ট দিয়েছেন তানিয়া ইসলাম, যেখানে তিনি আওয়ামী লীগের পক্ষ নিয়ে স্পষ্ট অবস্থান নেন। এসব পোস্ট নিয়েও চলছে আলোচনা-সমালোচনা।