অবৈধ বালু উত্তোলন: পিরোজপুরে ২ জনকে তিন মাসের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২৫, ২১:৪১ অপরাহ্ণ
পিরোজপুর সংবাদদাতা ॥
পিরোজপুরের নাজিরপুর উপজেলার বলেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে নদীতে অভিযান চালিয়ে তাদের আটকের পর এ দণ্ড দেওয়া হয় বলে জানান নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বী।
দণ্ড পাওয়ারা হলেন, উপজেলার চরখালী গ্রামের সেকেন্দার আলী শেখের ছেলে আতিয়ার শেখ (৪০) এবং একই গ্রামের ইয়াকুব আলী শেখের ছেলে মিলন শেখ (৩০)।
ইউএনও ফজলে রাব্বী বলেন, অভিযানে তাদের আটকের পর পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ঙ) ধারা অনুযায়ী দুইজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।