বরিশাল বিভাগের ২১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২১, ২০২৫, ২১:৩৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল বিভাগের ২১টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শনিবার (২১ জুন) সকালে বিভাগের সংসদীয় আসনের প্রার্থীদের উপস্থিতিতে নাম ঘোষণা ও নেতাকর্মীদের সঙ্গে মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে সকলকে সর্বাত্মক সহায়তা ও কাজ শুরু করার আহ্বান জানান।
দীর্ঘদিন পর বিভাগের সবগুলো আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এর মধ্যে প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে মাসুদ সাঈদী ও শামীম সাঈদীও রয়েছেন। এছাড়া দলের হেভিওয়েট নেতা মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল-৫ এবং ড. শফিকুল ইসলাম মাসুদ পটুয়াখালী-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে হেমায়েত উদ্দিন ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে শেখ নেয়ামুল করিম।
পিরোজপুর-১ (সদর, ইন্দুরকানি ও নাজিরপুর) আসনে মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (কাউখালী, নেছারাবাদ ও ভান্ডারিয়া) শামীম সাঈদী ও পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে শরীফ আব্দুল জলিল।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমির অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমির অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমির মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, বরগুনা জেলা আমির অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন।