বরিশালের সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজের জামিন না মঞ্জুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ২৩:০০ অপরাহ্ণ
বরিশালের সাবেক সাংসদ জেবুন্নেছা আফরোজের জামিন না মঞ্জুর

নিজস্বপ্রতিবেদক ॥

নতুন তিনটি মামলায় গ্রেফতার বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজের জামিন আবেদন মঞ্জুর করেনি আদালত।

বুধবার তিনি নতুন ওই তিনটি মামলায় বরিশালের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। এসময় বিচারক হাবিবুর রহমান আবেদন না মঞ্জুর করে তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

বরিশাল কোতয়ালী মডেল থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) জানিয়েছেন, গত মঙ্গলবার সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজকে কোতয়ালী মডেল থানার নতুন তিনটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখানো হয়।
পরবর্তীতে বুধবার তিনি ওই মামলায় জামিন পেতে আদালতে আবেদন করেছিলেন। তার পক্ষের আইনজীবীরা আদালতে জামিন শুনানি করেন। এসময় তাকেও আদালতে হাজির করা হয়।

তবে বিপক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধীতা করেন। পরে বিচারক শুনানি শেষে জামিন না মঞ্জুর করে জেবুন্নেছা আফরোজকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় ঢাকা থেকে গ্রেফতার করা হয় জেবুন্নেছা আফরোজকে। তিনি বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক মেয়র শওকত হোসেন হিরনের সহধর্মিণী। তার বিরুদ্ধে বিএনপির অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ মোট চারটি মামলা রয়েছে।