আগৈলঝাড়া ভাতিজা চায়নিজ কুড়াল দিয়ে চাচাকে কুপিয়ে গুরুতর আহত করেছে।
সোমবার চাচাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সালাম গোমস্তা (৫৫)কে তার ভাই শামীম গোমস্তার ছেলে রায়হান গোমস্তা (২২) গতকাল রোববার রাতে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চায়নিজ কুড়াল দিয়ে পিছন থেকে ঘারের উপরে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আহতকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে সোমবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আহতর ছেলে শহীদুল গোমস্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চলছে।