গৌরনদীতে মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৫, ২০২৫, ২২:৩৪ অপরাহ্ণ
গৌরনদীতে মাহিন্দ্রা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১, আহত ৫

গৌরনদী প্রতিনিধি ॥
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা দাখিল মাদ্রাসার সামনে বৃহস্পতিবার মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে যাত্রী মর্জিনা বেগম (৩৫) ঘটনাস্থলেই নিহত ও ৫ জন গুরুতরভাবে আহত হয়েছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকার ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা দাখিল মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক আসা অবৈধ থ্রি-হুইলার মাহেন্দ্রার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মাহিন্দ্রা যাত্রী উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হন এবং উভয় যানবাহনের যাত্রী মুরাদ কাজী (৪০), মোতালেব বেপারী (৬৫), মকবুল বেপারী (৬৭), চন্দন পাল (৩৫), পলাশ বিশ্বাসকে (৩২) গুরুতরভাবে আহত হয়।

গৌরনদী ফায়ার সার্ভিস কর্মি ও পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।