গৌরনদী থানার ওসির বিরুদ্ধে ঘুষের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৫, ২৩:১৮ অপরাহ্ণ
গৌরনদী থানার ওসির বিরুদ্ধে ঘুষের অভিযোগে মামলা

গৌরনদী প্রতিনিধিঃ

এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া ও এসআই মো. নজরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বরিশাল সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি দায়ের করেছেন গৌরনদীর বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা প্রবাসী আজাদ সরদারের স্ত্রী সুমা বেগম।আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বাদীপক্ষের আইনজীবী নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, দুর্নীতি প্রতিরোধ আইনে আদালতে দায়ের করা মামলাটি বিচারক পরবর্তী আদেশের জন্য রেখে দিয়েছেন।আগামী রবিবার এ মামলার পরবর্তী নির্দেশ দেওয়া হবে বলে ওই আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন।এজাহারে বাদী সুমা বেগম উল্লেখ করেন, গত ১১ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কতিপয় দুর্বৃত্তরা তার (সুমা) শ্বশুরবাড়ির পূর্ব পুরুষের পাকা কবরস্থান ভাঙচুর করে দখলের জন্য আসে। এসময় বাদী ৯৯৯ কল করার পর গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে আসে। পরবর্তীতে রহস্যজনকভাবে এসআই নজরুল ইসলাম বাদী সুমা বেগমসহ মামলার তিনজন সাক্ষীকে আটক করে থানায় নিয়ে যায়।থানার ওসি এবং এসআই আটককৃতদের ছেড়ে দেওয়ার জন্য সুমা বেগমের কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। তাদের দাবিকৃত ঘুষের টাকা দিকে অপরাগতা প্রকাশ করায় মামলায় জড়ানোর হুমকি দিয়ে ওসি এবং এসআই রাত নয়টা পর্যন্ত বেআইনিভাবে আটককৃতদের থানা হেফাজতে রাখেন। পরবর্তীতে ওইদিন রাত ৯টার পর থানা হেফাজত থেকে বাদী ও মামলার তিনজন সাক্ষীকে ছেড়ে দেওয়া হয়।এ বিষয়ে জানতে ওসি মো. ইউনুস মিয়ার মোবাইলে একাধিকবার ফোন করলে তিনি রিসিভ করেননি।