২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি আজ রোববার (১ নভেম্বর)।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ শুনানি হতে পারে।
এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জন আসামি। তবে গ্রেফতার আছেন ১১ জন। বাকিরা পলাতক। এর আগে ৭ অক্টোবর এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও একজন বিচারক অসুস্থ থাকায় সময় চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে সময় দেন ট্রাইব্যুনাল।
এর আগে ৫ আগস্টের পর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবি নিয়ে ট্রাইব্যুনালে মামলা করেন হেফাজত নেতারা। পরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৭ জনের হত্যার তথ্য পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।