৪৮ বছর ধরে পানি পান করেন না ওয়ারেন বাফেট, তৃষ্ণা মেটান কিভাবে?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেটের পানীয়ের পছন্দ বেশ অদ্ভুত। প্রায় ৪৮ বছর ধরে তিনি পানি পান করেন না। এর পরিবর্তে তার পছন্দের পানীয় চেরি কোক।
সম্প্রতি ‘ইকুইটি মেটস ইনভেস্টিং’ পডকাস্টে বাফেটের সঙ্গে নৈশভোজের অভিজ্ঞতা জানাতে গিয়ে এ তথ্য প্রকাশ করেছেন মার্কিন ধনকুবের ও বিনিয়োগকারী বিল অ্যাকম্যান।
অ্যাকম্যান জানান, একবার নৈশভোজের সময় তিনি বাফেটকে সাধারণ পানি নাকি সোডা মেশানো পানি পান করবেন, তা জানতে চেয়েছিলেন। কিন্তু বাফেট দুটিই প্রত্যাখ্যান করেন। পরিবর্তে কোমল পানীয় পান করার কথা জানান।
অ্যাকম্যান বলেন, তিনি বাফেটকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি কি পানি পান করেন না?’ জবাবে বাফেট বলেছিলেন, ‘বিল, আমি ৪৮ বছর ধরে পানি পান করিনি।’
অ্যাকম্যান আরও জানান, কয়েক বছর আগে বাফেট তার বাড়িতে নৈশভোজে গেলে অতিথির পছন্দের কথা মাথায় রেখে আগেই চেরি কোক কিনে রেখেছিলেন।
ব্রিটিশ লেখক গ্লেন আর্নল্ডের লেখা ‘দ্য ডিলস অব ওয়ারেন বাফেট ভলিউম ২: দ্য মেকিং অব আ বিলিয়নিয়ার’ বইয়ে বলা হয়েছে, বাফেট প্রতিদিন পাঁচ ক্যান কোক পান করেন।
তবে তার পানীয়ের পছন্দ সব সময় এমন ছিল না। প্রায় ৫০ বছর ধরে তিনি পেপসি পান করতেন। শৈশবে তার ছেলে হাওয়ার্ডের এক বন্ধু জানিয়েছিলেন, এ কারণে হাওয়ার্ড তাকে ‘পেপসি ওয়ারেন’ বলে ডাকতেন।
হাওয়ার্ডের শৈশবের বন্ধু জিম রস সিএনবিসিকে বলেন, ছোটবেলায় তারা একসঙ্গে তাস খেলতেন। গভীর রাতে বাফেট বাথরোব পরে নিচে নেমে আসতেন। তখন তার হাতে থাকত পেপসির ক্যান।
১৯৮৬ সালে বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক সভায় বাফেট জানান, দীর্ঘদিন পেপসি পান করার পর তিনি চেরি কোকের প্রতি আকৃষ্ট হয়েছেন। পরে এটি প্রতিষ্ঠানের বার্ষিক সভার আনুষ্ঠানিক পানীয় হিসেবেও জায়গা করে নেয়।
২০১৫ সালে ফরচুন সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কোক পান করার অভ্যাস সম্পর্কে বাফেট বলেছিলেন, ‘আমি এক-চতুর্থাংশ কোকাকোলা।’ প্রতিদিন ২ হাজার ৭০০ ক্যালরি খাবার গ্রহণ করলে এর এক-চতুর্থাংশই আসে কোকাকোলা থেকে। দিনে অন্তত ১২ আউন্সের পাঁচটি পরিবেশন পান করেন বলেও জানিয়েছিলেন তিনি।