বিশ্বজুড়ে ইন্টারনেটে বিঘ্ন, এআই দিয়ে সাইবার হামলার পরীক্ষা চালাবে জাপান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬, ২৩:০৩ অপরাহ্ণ
বিশ্বজুড়ে ইন্টারনেটে বিঘ্ন, এআই দিয়ে সাইবার হামলার পরীক্ষা চালাবে জাপান
ইন্টারনেটের নিরাপত্তা জোরদার করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সাইবার হামলার অনুকরণে পরীক্ষা চালানোর উদ্যোগ নিয়েছে জাপান। শুক্রবার দেশটির শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া এ কথা জানান। প্রযুক্তিব্যবস্থার দুর্বলতা শনাক্ত করে আগেভাগে সেগুলো সমাধান করাই এ উদ্যোগের লক্ষ্য।
চলতি সপ্তাহে পিএইচপি সফটওয়্যারের গুরুতর নিরাপত্তা ত্রুটি প্রকাশের পর জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক, বিমান সংস্থা, রেল ও সরকারি প্রতিষ্ঠানের অনলাইন সেবা ব্যাহত হয়। হামলার আশঙ্কায় বেশ কয়েকটি প্রতিষ্ঠান সাময়িকভাবে কিছু সেবা বন্ধ রাখে।
জাপানের মুঠোফোন অপারেটর সফটব্যাংকও নিরাপত্তা ত্রুটি সংশোধনের জন্য তাদের জরুরি সতর্কবার্তা পাঠানোর ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রেখেছে। ফলে এ সময়ে ওই ব্যবস্থায় ভূমিকম্প, সুনামি ও দুর্যোগের সতর্কবার্তা পাওয়া যাবে না। তবে বিকল্প সেবায় সতর্কবার্তা পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শিল্পমন্ত্রী বলেন, নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও এআই ব্যবহার করে সম্ভাব্য হামলা আগেভাগে শনাক্ত করতে হবে। অন্যদিকে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এআইয়ের সহায়তায় হামলাকারীরা দ্রুত সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করতে পারছে। তাই দ্রুত নিরাপত্তা হালনাগাদ করার ওপর জোর দিয়েছেন তাঁরা।